পুরনো কর্মস্থলে ফিরে পড়ুয়াদের ক্লাস নিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

পুরনো কর্মস্থলে ফিরে পড়ুয়াদের ক্লাস নিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বৃহস্পতিবার হঠাৎই হাজির হলেন তাঁর পুরনো কর্মস্থল বর্ধমানের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে। মন্ত্রী হওয়ার আগে দীর্ঘ ৩০ বছর তিনি এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। প্রশাসনিক কাজে পূর্ব বর্ধমান সফরে গিয়ে ব্যস্ততার মাঝেও সময় বের করে তিনি প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যান।

স্কুলে পৌঁছেই তিনি ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে পড়ুয়াদের বাংলা পড়ান। শিক্ষক হিসেবে পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। মন্ত্রী হওয়ার পর তাঁর প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতার কথাও তিনি পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেন। প্রিয় শিক্ষককে কাছে পেয়ে খুশি হন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাঁকুড়ার বাসিন্দা ক্ষুদিরাম টুডু শিক্ষকতার সূত্রে দীর্ঘদিন বর্ধমান শহরে বসবাস করেছেন। বর্তমানে মন্ত্রী হিসেবে রাজ্যের নানা দায়িত্ব সামলালেও শিক্ষকতার প্রতি তাঁর টান আজও অটুট। স্কুল থেকে ফেরার সময় তিনি পড়ুয়াদের আশ্বস্ত করে বলেন, সুযোগ পেলেই তিনি আবার সময় বের করে প্রিয় এই বিদ্যালয়ে ফিরে আসবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *