আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট অভিযুক্তের, শুরু তল্লাশি

শান্তিনিকেতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আসানসোলের হিরাপুর থানা এলাকার ইসমাইলে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠল। সাইবার প্রতারণার একটি মামলায় অভিযুক্ত প্রতাপ দাসকে গ্রেফতার করতে বুধবার তাঁর বাড়িতে হানা দেয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশকে দেখেই অভিযুক্ত প্রতাপ গুলি চালিয়ে এলাকা থেকে পালিয়ে যান বলে অভিযোগ। তবে এই ঘটনায় কোনো পুলিশকর্মী আহত হননি।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়ে এবং ওই ব্যক্তি গুলি চালিয়ে পালিয়ে যায়। বর্তমানে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ ও হিরাপুর থানার পুলিশ যৌথভাবে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। অভিযুক্তের স্ত্রীর দাবি, তাঁর স্বামীর বিরুদ্ধে কোনো পরোয়ানা ছিল না এবং তিনি গুলির ঘটনার বিষয়ে কিছু জানেন না। তবে প্রতাপের বিরুদ্ধে অতীতেও থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে তিনি স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর শান্তিনিকেতনের লায়েকবাজারে অভিযুক্ত রতন শেখকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন এক পুলিশ কনস্টেবল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আসানসোলে ফের পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে।