বিসলেরির পানীয় জলে রাসায়নিকের উপস্থিতি নিয়ে বিতর্ক, আইনি জটিলতায় সংস্থা

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর এফএসএসএআই বিসলেরির গোয়া কারখানা থেকে পানীয় জলের ছয়টি নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় পাঁচটি নমুনা উত্তীর্ণ হলেও একটি নমুনায় ব্রোমেটের মাত্রা প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম পাওয়া যায়, যা অনুমোদিত ১০ মাইক্রোগ্রামের চেয়ে বেশি। ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে এমন রাসায়নিকের উপস্থিতির কারণে নমুনাটিকে অনিরাপদ ঘোষণা করা হয়। বিসলেরি কর্তৃপক্ষ এই রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করলে নমুনাটি দ্বিতীয়বার পরীক্ষার জন্য রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়।
দ্বিতীয় পরীক্ষায় ব্রোমেটের মাত্রা অনুমোদিত সীমার মধ্যেই পাওয়া যায়। তবে নতুন করে ওই একই নমুনায় ‘পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনস’ (PAHs)-এর উপস্থিতি ধরা পড়ে। এফএসএসএআই-এর মানদণ্ড অনুযায়ী, পানীয় জলে এই রাসায়নিকের উপস্থিতি গ্রহণযোগ্য নয়। এই কারণে রেফারেল ল্যাবরেটরি নমুনাটিকে অনিরাপদ বলে গণ্য করে। এর ভিত্তিতেই ২২ নভেম্বর ফুড সেফটি অ্যাক্ট, ২০০৬-এর অধীনে বিসলেরির বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় এফএসএসএআই।
পরীক্ষার এই পরস্পরবিরোধী ফলাফল নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, নমুনা সংরক্ষণ পদ্ধতি বা পরীক্ষার যন্ত্রাংশের সূক্ষ্ম তারতম্যের কারণে এমনটা হতে পারে। অন্যদিকে, বিসলেরির দাবি, তারা ১০টি ধাপে ৯০টিরও বেশি গুণমান পরীক্ষার পর জল বাজারজাত করে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়ার ওই একটি ব্যাচ ছাড়া দেশের ১৪৩টি প্ল্যান্টের কোথাও কোনো সমস্যা পাওয়া যায়নি। বর্তমানে এই আইনি জট ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।