ব্রহ্মাস্ত্র ২-এর কাজে গতি, পুরাণ ও আধ্যাত্মিকতায় ভরপুর হবে পরবর্তী পর্ব

পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন যে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাজ বর্তমানে চলছে। গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি জানিয়েছেন, দ্বিতীয় পর্বটিকে প্রথম ছবির তুলনায় আরও বেশি ভারতীয় সংস্কৃতি, পুরাণ এবং আধ্যাত্মিকতার কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন ও নাগার্জুনের মতো শিল্পীরা অভিনয় করেছিলেন। ফ্যান্টাসি ঘরানার এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের মধ্যে পরবর্তী পর্ব নিয়ে আগ্রহ বজায় রয়েছে।
কেন প্রথম ছবির সঙ্গে দ্বিতীয় পর্বের শুটিং করা সম্ভব হয়নি, সেই বিষয়েও মুখ খুলেছেন অয়ন। তিনি জানান, ‘ব্রহ্মাস্ত্র’কে ট্রিলজি হিসেবে তৈরির পরিকল্পনা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে একই সঙ্গে দুটি বড় বাজেটের ছবির কাজ করা সম্ভব ছিল না। পরিচালকের মতে, বড় মাপের ছবির ক্ষেত্রে প্রযোজকদের আর্থিক সামর্থ্য একটি বড় বিষয়। সাধারণত প্রথম ছবির সাফল্য ও গ্রহণযোগ্যতা বিচার করেই পরবর্তী পর্বের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিজের বক্তব্যের সমর্থনে অয়ন ‘বাহুবলী ২’-এর উদাহরণ টেনেছেন। তিনি জানান, বাহুবলীর ক্ষেত্রেও প্রথম পর্বের পাশাপাশি কিছু অংশের কাজ হলেও, প্রথম ছবিটি মুক্তি পাওয়ার পরই বাকি কাজ পুরোদমে শুরু হয়েছিল। প্রতিটি প্রযোজনা সংস্থার আর্থিক পরিস্থিতি ভিন্ন হওয়ায় ‘ব্রহ্মাস্ত্র’-এর ক্ষেত্রে প্রথম ছবির ফলাফলের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না। এখন সেই অভিজ্ঞতার ভিত্তিতেই দ্বিতীয় পর্বের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন পরিচালক।