বাণিজ্যিক গাড়ির বকেয়া কর ও জরিমানায় বিশেষ ছাড় ঘোষণা রাজ্য সরকারের

বাণিজ্যিক গাড়ির বকেয়া কর ও জরিমানায় বিশেষ ছাড় ঘোষণা রাজ্য সরকারের

রাজ্যের বাণিজ্যিক গাড়ির মালিকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা করল পরিবহণ দফতর। ‘One Time Waiver Scheme 2026-27 for Penalty on due taxes and partial waiver of additional fees’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে বকেয়া কর ও ফিটনেস সার্টিফিকেট সংক্রান্ত জরিমানায় বড়সড় ছাড় দেওয়া হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া কর পরিশোধ করলে অর্থ প্রদানের তারিখ পর্যন্ত জমে থাকা জরিমানার সম্পূর্ণ ১০০ শতাংশ মকুব করা হবে।

পাশাপাশি, সময়মতো ফিটনেস সার্টিফিকেট বা সিএফ পুনর্নবীকরণ না করার ক্ষেত্রে যে অতিরিক্ত ফি ধার্য করা হয়, তাতেও আংশিক ছাড়ের সুবিধা মিলবে। নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্যিক যানবাহনের মালিকরা বকেয়া কর পরিশোধ ও সিএফ নবীকরণের আবেদন করলে এই সুবিধা পাবেন। গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ এবং সময়মতো কর ও ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণে মালিকদের উৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পরিবহণ দফতর সূত্রে খবর, রাজ্যের বহু বাণিজ্যিক গাড়ির মালিক দীর্ঘদিন ধরে রোড ট্যাক্স না দেওয়ায় এবং বৈধ সিএফ না থাকায় সমস্যায় পড়েছিলেন। অর্থাভাবে কর দিতে না পেরে অনেক মালিক গাড়ি বসিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। এই প্রকল্পের ফলে একদিকে যেমন বকেয়া রাজস্ব আদায়ের পথ সুগম হবে, তেমনই অন্যদিকে গাড়ি মালিকরাও বাড়তি জরিমানার বোঝা থেকে রেহাই পাবেন। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা রাজস্ব আদায়ের মাধ্যমে দফতরের প্রশাসনিক ও পরিকাঠামোগত কাজও গতি পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *