ট্রেনে সংরক্ষিত বার্থ খুঁজে না পেয়ে হয়রানির শিকার যাত্রী, রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন

ট্রেনে সংরক্ষিত টিকিট কেটেও বার্থ না পাওয়ার অভিযোগ তুললেন এক যাত্রী। ঈশান নামে ওই যাত্রী জানিয়েছেন, তিনি এ১ কামরার ৫৪ নম্বর বার্থের টিকিট কনফার্ম করেছিলেন। কিন্তু ট্রেনে উঠে তিনি দেখেন, ওই কামরায় ৫৪ নম্বর কোনো বার্থই নেই। রাত পৌনে ১১টা নাগাদ এই পরিস্থিতিতে পড়ে তিনি বসার জায়গাটুকুও পাননি বলে অভিযোগ করেছেন।
নিজের দাবির সপক্ষে ওই যাত্রী সংরক্ষিত টিকিটের স্ক্রিনশট এবং কামরার ভেতরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ঘটনার জেরে চরম বিপাকে পড়ে তিনি রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করে অভিযোগ জানান। বিষয়টি প্রকাশ্যে আসার পর রেলওয়ে সেবার পক্ষ থেকে জানানো হয়েছে যে, জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি অবগত করা হয়েছে।
তবে অস্তিত্বহীন বার্থ কীভাবে রেলের সিস্টেমে বুকিংয়ের জন্য উপলব্ধ ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই এই ঘটনায় রেলের অনলাইন বুকিং ব্যবস্থার ত্রুটি নিয়ে সরব হয়েছেন। কেউ কেউ আবার ট্রেনের ক্লাস বদলে যাওয়ার মতো নিজেদের পুরনো অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন। এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে।