কেরলের সমবায় দুর্নীতি নিয়ে বিস্ফোরক রাজীব চন্দ্রশেখর, তুললেন একাধিক অভিযোগ

কেরলের সমবায় দুর্নীতি নিয়ে বিস্ফোরক রাজীব চন্দ্রশেখর, তুললেন একাধিক অভিযোগ

কেরলের সমবায় ব্যাঙ্কগুলিতে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। সোমবার এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি দাবি করেন, গত ১০ বছরে রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে ১,৫৮২ কোটি টাকার গরমিল হয়েছে। তাঁর তথ্য অনুযায়ী, প্রায় ৪৫০টি সমবায় সমিতি আমানতকারীদের টাকা ফেরত দিতে অক্ষম এবং ২৫১টি সমিতিতে দুর্নীতির প্রমাণ মিলেছে। এছাড়া, প্রায় ৫৫০ কোটি টাকার ২৭টি সমবায় দুর্নীতির মামলা বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তাধীন রয়েছে। কারুভান্নুর সমবায় ব্যাঙ্কের প্রসঙ্গ টেনে তিনি জানান, সেখানে ১২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

রাজীব চন্দ্রশেখরের অভিযোগ, কেরলের সমবায় ব্যাঙ্কগুলি বর্তমানে দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের ‘এটিএম’-এ পরিণত হয়েছে। তিনি দাবি করেন, নেমোম এলাকায় ১,২০০-র বেশি আমানতকারী তাঁদের প্রায় ১০৮ কোটি টাকা ফেরত পাওয়ার অপেক্ষায় রয়েছেন। রাজ্য সরকারের রিস্ক ফান্ড স্কিম কেন ক্ষতিগ্রস্ত আমানতকারীদের সহায়তায় এগিয়ে আসছে না, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, সিপিএম সমবায় ব্যাঙ্ক, পাবলিক সার্ভিস কমিশন ও পুলিশের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদের কণ্ঠরোধ করতে রাজনৈতিক দাদাগিরি চালানো হচ্ছে।

সম্প্রতি কান্নুরের পায়ান্নুরে সমবায় সপ্তাহের অনুষ্ঠানে বিধায়ক ভি. কুনিকৃষ্ণনের ভাষণ বানচালের ঘটনা নিয়েও রাজীব চন্দ্রশেখর সরব হয়েছেন। ওই অনুষ্ঠানে বিধায়কের ব্যক্তিগত সচিবকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রেক্ষিতে আটজন সিপিএম কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। রাজীব চন্দ্রশেখরের দাবি, কেরলের রাজনীতিতে অপরাধের প্রভাব বাড়ছে এবং দুর্নীতি থেকে জনদৃষ্টি সরাতেই সিপিএম ও কংগ্রেস রাজনৈতিক বিতর্ক তৈরি করছে। তিনি সমবায় ক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে দ্রুত সংস্কার ও জবাবদিহির দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *