মমতার শিবিরে ফিরলেন সাবিনা, ব্রাত্য বসুকে নিয়ে নতুন জল্পনা উসকে দিলেন ঋতব্রত

এনআইএ-র তলবের আবহে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল’ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরে গিয়েছেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। ঋতব্রতের দাবি, কেন্দ্রীয় সংস্থার তলব পাওয়ার পরই আইনি সুরক্ষা পাওয়ার আশায় সাবিনা দলবদল করেছেন। যদিও এই বিষয়ে সাবিনা ইয়াসমিনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই দলবদলের আবহেই প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন জল্পনা তৈরি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এক সাংবাদিক বৈঠকে ঋতব্রত জানান, ব্রাত্য বসুর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তাঁদের মধ্যে সাহিত্য ও মনস্তত্ত্ব নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ঋতব্রতের দাবি, ব্রাত্য বসু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটমুখী হবেন না।
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই ব্রাত্য বসু কার্যত অন্তরালে ছিলেন। সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগে নাম জড়ানোর পর তিনি প্রকাশ্যে এসে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। ঋতব্রতের মতে, পরাজয়ের পরবর্তী সময়টি ব্রাত্য বসুর কাছে এক ধরনের মুক্তি বা ‘রিলিভড’ হওয়ার মতো। আগামী দিনে ব্রাত্যর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে সরাসরি কিছু না বললেও, রাজনীতিকে ‘সম্ভাবনার শিল্প’ বলে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা।