সরকারি হাসপাতালের রোগী পরিষেবা এলাকায় ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের

সরকারি হাসপাতালের রোগী পরিষেবা এলাকায় ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের

রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানে ফেরিওয়ালাদের প্রবেশ নিষিদ্ধ করল স্বাস্থ্য ভবন। সোমবার ডিরেক্টরেট অফ মেডিক্যাল এডুকেশনের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এখন থেকে হাসপাতালের ইনডোর (আইপিডি), আউটডোর (ওপিডি) এবং রোগী পরিষেবা সংক্রান্ত এলাকায় বিনা অনুমতিতে কেউ প্রবেশ করতে পারবেন না।

স্বাস্থ্য ভবনের দাবি, রোগীর নিরাপত্তা, গোপনীয়তা রক্ষা, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা অধ্যাপক ইন্দ্রজিৎ সাহা নির্দেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে জানিয়েছেন, এই নির্দেশ পালনে কোনো গাফিলতি বা অমান্য করার ঘটনা বরদাস্ত করা হবে না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কঠোরভাবে পর্যালোচনা করা হবে।

এই সিদ্ধান্ত নিয়ে চিকিৎসক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অ্যাসোসিয়েশন অফ হেল্‌থ সার্ভিস ডক্টর্‌স-এর সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, হাসপাতালের চিকিৎসা এলাকায় অননুমোদিত কারও প্রবেশ কাম্য নয়। অন্যদিকে, মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসক-নেতা অনিকেত মাহাতো উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় প্রয়োজনীয় সামগ্রীর অভাব থাকায় দরিদ্র রোগীদের জন্য হকারদের ওপর নির্ভরতা থাকে। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে সাধারণ মানুষের হয়রানি বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *