কানাডায় শপিং মলের বাইরে গুলিবিদ্ধ দুই ভারতীয় বংশোদ্ভূত, তদন্তে পুলিশ

কানাডায় গত ১৫ নভেম্বর এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির একটি শপিং মলের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ভারতীয় বংশোদ্ভূত দুই তরুণ-তরুণীর। ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (IHIT) জানিয়েছে, নিহতদের নাম গগনপ্রীত ওরফে গ্যারি রেহাল (২৩) এবং সুখজিৎ কওর (২৪)। তাঁরা দুজনেই পার্শ্ববর্তী ডেল্টা টাউনশিপের বাসিন্দা ছিলেন।
ঘটনার দিন রাতে শপিং মলের বাইরে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। দুষ্কৃতীরা ওই দুজনকে লক্ষ্য করে গুলি চালালে তাঁরা গুরুতর জখম হন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত গগনপ্রীত আগে থেকেই অস্ত্র সংক্রান্ত অপরাধের জন্য পুলিশের নজরে ছিলেন। তবে সুখজিৎ কৌরের বিষয়ে বিশেষ কোনো তথ্য পুলিশের কাছে নেই।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কোনো সংগঠিত অপরাধচক্রের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। বর্তমানে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ সব দিক খতিয়ে দেখছে।