কেরালার প্লাইউড কারখানায় মেশিনে পিষে মৃত্যু শিশুর, তদন্তে উঠে এল চরম গাফিলতি

কেরালার পেরুম্বাভুরের মুডিক্কালের ভেট্টিক্কাট্টুকুন্নু এলাকায় অবস্থিত ‘অ্যামাজন প্লাইউডস’ কারখানায় এক মর্মান্তিক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৯ নভেম্বর এই ঘটনাটি ঘটে। মৃত শিশুটি ওই কারখানায় কর্মরত অসমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক জামালের ছেলে। জানা গিয়েছে, কাজের জায়গায় বাবা-মায়ের সঙ্গে থাকাকালীন শিশুটি অসাবধানতাবশত প্লাইউড শুকানোর ড্রায়ার মেশিনের চলন্ত রোলারের মাঝে আটকে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পেরুম্বাভুর তালুক হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার পর ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লারস দপ্তরের ডিরেক্টর সুরজ কৃষ্ণার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দল কারখানাটি পরিদর্শন করে। তদন্তে কারখানার চরম গাফিলতির প্রমাণ মিলেছে। জানা যায়, কারখানায় যথাযথ সুরক্ষাবিধি মানা হতো না এবং ড্রায়ার মেশিনের রোলার থেকে কর্মীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না। এছাড়া, কারখানায় মাত্র ২০ জন শ্রমিক নিয়োগের লাইসেন্স থাকলেও ঘটনার দিন সেখানে ৭০ জন শ্রমিক কাজ করছিলেন।
তদন্তকারী দল আরও লক্ষ্য করে যে, পেরুম্বাভুর শিল্পাঞ্চলে পরিযায়ী শ্রমিকদের সন্তানদের দেখভালের জন্য তৈরি ক্রেশ বা ডে-কেয়ার সেন্টারটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। পরিকাঠামোর অভাবে বাধ্য হয়েই শ্রমিকরা তাদের সন্তানদের কর্মস্থলে নিয়ে আসতে বাধ্য হন। এই পরিস্থিতির প্রেক্ষিতে, ক্রেশ পরিষেবা পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানাটির সমস্ত কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ঘটনার একটি বিস্তারিত তদন্ত রিপোর্ট সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।