সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে স্থানীয়দের আশ্বস্ত করলেন অমিত শাহ

সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে স্থানীয়দের আশ্বস্ত করলেন অমিত শাহ

অরুণাচল প্রদেশের সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে চলা বিক্ষোভের আবহে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের সফরে ইটানগরে পৌঁছে তিনি জানান, এই প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করা হবে। স্থানীয়দের আস্থা অর্জন করেই সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিয়াং প্রকল্পটি জাতীয় স্বার্থে অত্যন্ত জরুরি। অরুণাচলের উন্নয়ন, দেশের জ্বালানি নিরাপত্তা এবং রাজ্যের আয় বৃদ্ধির ক্ষেত্রে এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম। তবে আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সরকার শ্রদ্ধাশীল। তাই স্থানীয়দের উদ্বেগের বিষয়টি মাথায় রেখে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে। তিনি রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রস্তাবিত প্রকল্পের বিরোধিতায় গত এক মাস ধরে সিয়াংয়ের বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, এই প্রকল্প বাস্তবায়িত হলে তাঁদের জীবন-জীবিকা ও অস্তিত্ব সংকটের মুখে পড়বে। গত ২৩ অক্টোবর পাসিঘাটে বিক্ষোভ চলাকালীন ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। বিক্ষোভকারী সংগঠনগুলি প্রকল্প বাতিলের পাশাপাশি ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *