৫০ বছর আগেই চিপ তৈরি সম্ভব ছিল, বামেদের নিশানা করে বললেন প্রধানমন্ত্রী

খড়গপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বামেদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন, ৫০ বছর আগেই সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য ভারতে কোম্পানি এসেছিল। কিন্তু তৎকালীন সময়ে লাল ঝান্ডা দেখিয়ে সেই কোম্পানিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর মতে, সেই সময় বাধা না দেওয়া হলে ভারত অনেক আগেই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারত।
বর্তমান সরকারের আমলে পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বর্তমানে দেশে বহু সেমিকন্ডাক্টর শিল্প গড়ে উঠেছে এবং ভারত এখন চিপ রপ্তানি করছে। রাজনৈতিক আক্রমণের পাশাপাশি বাংলার ঐতিহ্য ও খড়গপুর আইআইটি-র পড়ুয়াদের ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মাটিতে সবসময় নতুন আইডিয়া তৈরি হয় এবং এটি স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান।
খড়গপুর আইআইটি-র পড়ুয়াদের ‘আত্মনির্ভর ভারতের শক্তি’ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশ গড়ার কাজে এই প্রতিষ্ঠানের পড়ুয়াদের বড় ভূমিকা রয়েছে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন খড়গপুর আইআইটি-র প্রাক্তন শিক্ষার্থীরাই। প্রধানমন্ত্রীর কথায়, তাঁর সামনে ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ—সবই এই প্রতিষ্ঠানের পড়ুয়াদের মধ্যে দৃশ্যমান।