হাওড়ার পেট্রোল পাম্পে জ্বালানির বদলে জল! চরম ভোগান্তির শিকার গ্রাহকরা

হাওড়ার জগৎবল্লভপুরের সীতাপুর জোড়া পেট্রোল পাম্পে জ্বালানির গুণমান নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বাহানা এলাকার এক বাসিন্দা ওই পাম্প থেকে ১২ লিটার পেট্রোল নেওয়ার মাত্র ৫০ মিটার পরেই তাঁর গাড়িটি আচমকা বন্ধ হয়ে যায়। গাড়িটি গ্যারেজে নিয়ে গিয়ে পরীক্ষা করা হলে মিস্ত্রি জানান, তেলের মধ্যে প্রচুর পরিমাণে জল মিশে রয়েছে। গ্রাহক নিজে তেল বের করে পাত্রে ঢাললে বিষয়টি স্পষ্ট হয় যে পেট্রোলের পরিবর্তে জল বেরিয়ে আসছে।
এই ঘটনার পর ওই পাম্পে আরও অনেক গ্রাহক একই অভিযোগ নিয়ে হাজির হন। কেউ বোতলে আবার কেউ ড্রামে করে তেল নিয়ে এসে পাম্প কর্তৃপক্ষের কাছে ক্ষোভ প্রকাশ করেন। গ্রাহকদের অভিযোগ, ভেজাল জ্বালানির কারণে তাঁদের গাড়ি বিকল হয়ে যাওয়ায় জরুরি কাজ ব্যাহত হয়েছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। মহম্মদ সাবিব নামে এক গ্রাহক জানান, পাম্প কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি অস্বীকার করে ইথানলের দোহাই দিলেও পরে তেলে জল থাকার কথা স্বীকার করে নেয়।
পাম্পের কর্মী বিশ্বজিৎ জানান, বৃষ্টির কারণে এমনটা হয়ে থাকতে পারে। তবে জ্বালানি সরবরাহের আগে গুণমান পরীক্ষা করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ঘটনার জেরে পাম্প চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রাখা হয়। ক্ষুব্ধ গ্রাহকরা প্রশাসনের কাছে এই ঘটনার যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।