ইনফ্লুয়েন্সারদের প্রচারে প্রভাবিত হয়ে ফেয়ারনেস ক্রিম ব্যবহার, গুরুতর অসুস্থ কিশোরী

ইনফ্লুয়েন্সারদের প্রচারে প্রভাবিত হয়ে ফেয়ারনেস ক্রিম ব্যবহার, গুরুতর অসুস্থ কিশোরী

ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের প্রচার দেখে একটি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে কেরলের এক কিশোরী। প্রায় এক বছর ধরে ওই ক্রিম ব্যবহারের পর তার রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। পাশাপাশি তার পা ফুলে যাওয়ায় হাঁটাচলা ও সিঁড়ি দিয়ে ওঠানামায় তীব্র সমস্যা দেখা দেয়। চিকিৎসার জন্য তাকে মালাপ্পুরমের অ্যাস্টার মিমস মাদার হসপিটালে ভর্তি করা হয়।

হাসপাতালের নেফ্রোলজিস্ট ডা. গৌরী এস জানান, মেডিকেল পরীক্ষায় কিশোরীর শরীরে অত্যন্ত বিপজ্জনক মাত্রায় পারদ পাওয়া গিয়েছে। ক্রিমটি পরীক্ষা করে তাতে ১২,৫০০ পার্টস পার মিলিয়ন পারদ মিলেছে, যেখানে অনুমোদিত মাত্রা প্রতি মিলিয়নে এক ভাগের চেয়েও কম। এই পারদ কিশোরীর কিডনির ফিল্টারিং ইউনিটের মারাত্মক ক্ষতি করেছে এবং তার ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ নামক গুরুতর কিডনি রোগ ধরা পড়েছে।

কিশোরী জানায়, ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রিমটি অর্ডার করেছিল। শারীরিক সমস্যার কথা কোম্পানিকে জানালেও তারা কোনো সদুত্তর দেয়নি। বর্তমানে কিশোরীর পরিবার ওই কোম্পানির বিরুদ্ধে ভোক্তা আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসকদের পরামর্শ, দ্রুত ফল পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া প্রসাধনী থেকে সতর্ক থাকতে হবে এবং ত্বকের যেকোনো সমস্যায় চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *