২৩ ডিসেম্বর থেকে শুরু শান্তিনিকেতনের পৌষমেলা, জেনে নিন বুকিং সংক্রান্ত তথ্য

২৩ ডিসেম্বর থেকে শুরু শান্তিনিকেতনের পৌষমেলা, জেনে নিন বুকিং সংক্রান্ত তথ্য

আগামী ২৩ ডিসেম্বর থেকে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা। ছয় দিনব্যাপী এই মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বভারতী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিগত দিনে যাঁরা প্লট বুক করেছিলেন, তাঁরা ২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রয়োজনীয় নথি জমা দিয়ে অনলাইনে বুকিং সম্পন্ন করতে পারবেন। নতুন আবেদনকারীদের জন্য বুকিং প্রক্রিয়া শুরু হবে ২৬ নভেম্বর থেকে। তবে এ বছর প্লট বুকিংয়ের মূল্য ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

পরিবেশ দূষণ রোধে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে মেলা প্রাঙ্গণে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্বভারতী। এছাড়া খাদ্যদ্রব্যের স্টল খোলার ক্ষেত্রে এফএসএসএআই (FSSAI) বা ফুড সেফটি লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। কর্তৃপক্ষের কড়া নির্দেশ, মেলা শেষ হওয়ার পরপরই সমস্ত দোকানিকে জায়গা খালি করে দিতে হবে। কোনোভাবেই মেলা শেষ হওয়ার পর ভাঙা মেলা বসিয়ে রাখা যাবে না।

উল্লেখ্য, ১৮৯৪ সালে শান্তিনিকেতনের মন্দির সংলগ্ন মাঠে পৌষমেলার সূচনা হয়। পরবর্তীতে ১৯৬১ সালে মেলাটি পূর্বপল্লীর মাঠে স্থানান্তরিত করা হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ট্রাস্ট ডিড অনুযায়ী, এই মেলা সকল ধর্মের মানুষের মিলনক্ষেত্র হিসেবে পরিচিত। কোভিডের সময় ও পরবর্তী বিভিন্ন কারণে কয়েক বছর মেলা বন্ধ থাকলেও, ২০২৪ সাল থেকে বিশ্বভারতীর তত্ত্বাবধানে পুনরায় এই ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হচ্ছে। প্রতি বছরই এই মেলা দর্শনার্থী ও ব্যবসায়ীদের কাছে অন্যতম বড় আকর্ষণ হয়ে ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *