সৌরমণ্ডলের প্রান্তে বিশাল বরফের ভাণ্ডারের সন্ধান পেলেন নাসার বিজ্ঞানীরা

সৌরমণ্ডলের সুদূর প্রান্তে, নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত কুইপার বেল্টে বিশাল এক বরফের আধার রয়েছে বলে নিশ্চিত করেছেন নাসার বিজ্ঞানীরা। পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তর থেকে সংগৃহীত ১২টি ধূলিকণা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গিয়েছে। নাসার ইআর-২ গবেষক বিমানের সাহায্যে সংগৃহীত এই কণাগুলো মহাকাশের বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীতে এসে পৌঁছায়। শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র এবং উন্নত রাসায়নিক পরীক্ষার মাধ্যমে গবেষকরা এই কণাগুলোর মধ্যে এমন কিছু খনিজ শনাক্ত করেছেন, যা সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক পর্যায়ে জল ও ধূলিকণার বিক্রিয়ার ফলে তৈরি হয়েছিল।
গবেষণায় দেখা গিয়েছে, এই কণাগুলোতে অক্সিজেনের আইসোটোপের গঠন সূর্যের নিকটবর্তী অঞ্চলের উপাদানের চেয়ে সম্পূর্ণ আলাদা। ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং জনসন স্পেস সেন্টারের গবেষকদের মতে, সৌরজগৎ সৃষ্টির সময় জল সব জায়গায় সমানভাবে বণ্টিত হয়নি। বিশালাকার গ্রহগুলোর গঠন প্রক্রিয়া সৌরজগতের অভ্যন্তরীণ অংশে উপাদানের প্রবেশপথে বাধা হিসেবে কাজ করেছিল, যার ফলে দূরবর্তী অঞ্চলের রাসায়নিক গঠন ভিন্ন রয়ে গিয়েছে। এই তথ্য সৌরজগতের গঠন প্রক্রিয়া বুঝতে বিজ্ঞানীদের নতুন দিশা দেখাচ্ছে।
জার্নাল সায়েন্স অ্যাডভান্সেস-এ প্রকাশিত এই গবেষণায় উঠে এসেছে যে, মহাকাশ থেকে পৃথিবীতে আসা ক্ষুদ্র ধূলিকণাগুলো এমন অনেক স্থানের তথ্য বহন করে, যেখানে মহাকাশযান এখনও সরাসরি পৌঁছাতে পারেনি। দীর্ঘকাল ধরে বিজ্ঞানীরা ধারণা করছিলেন যে, সৌরজগতের দূরতম প্রান্তে থাকা জলে অক্সিজেনের পরিমাণ বেশি, তবে এতদিন তার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। এই নতুন বিশ্লেষণ সেই দীর্ঘদিনের ধারণাকেই জোরালো ভিত্তি প্রদান করল এবং মহাজাগতিক বিবর্তনের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।