বাজারে এল নতুন বাজাজ পালসার আরএস২০০, জেনে নিন দাম ও ফিচার

পালসার ব্র্যান্ডের ২৫তম বার্ষিকী উপলক্ষে বাজাজ অটো বাজারে নিয়ে এল তাদের নতুন স্পোর্টস বাইক ২০২৬ বাজাজ পালসার আরএস২০০। তরুণ প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে এই বাইকে আনা হয়েছে একাধিক টেকনিক্যাল ও মেকানিক্যাল আপডেট। বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১,৯৮,৪৪১ টাকা থেকে। পুরনো ডিজাইনের আদলে তৈরি হলেও নতুন এই মডেলে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব সুবিধা।
বাইকটিতে পুরনো এলসিডি কনসোলের পরিবর্তে ৫-ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যাতে গুগল ম্যাপ নেভিগেশনের সুবিধা পাওয়া যাবে। এছাড়া এতে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, এমার্জেন্সি লাইট সুইচ এবং প্যানিক ব্রেক অ্যালার্টের মতো ফিচার রয়েছে। ইলেকট্রনিক থ্রটল বডির পাশাপাশি এতে পাঁচটি রাইডিং মোড এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে, যা বিভিন্ন রাস্তায় বাইকটিকে বাড়তি নিয়ন্ত্রণ দেবে।
নতুন এই বাইকে ১৯৯.৫ সিসি, সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার পাওয়ার বাড়িয়ে ২৫.৫ পিএস করা হয়েছে। উন্নত রাইডিং অভিজ্ঞতার জন্য এতে ৩৭ এমএম আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক এবং ১৪০/৭০-আর১৭ রেডিয়াল রিয়ার টায়ার দেওয়া হয়েছে। বাজারে এই বাইকটি ইয়ামাহা আর১৫ ভি৪, কেটিএম আরসি ২০০, হিরো করিশ্মা এক্সএমআর এবং সুজুকি জিক্সার এসএফ ২৫০-এর মতো জনপ্রিয় মডেলগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।