জাতীয় স্বার্থ রক্ষা ও সংঘাত রোধই যেকোনো চুক্তির শর্ত, জানাল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন যে, ওয়াশিংটনের সঙ্গে যেকোনো সম্ভাব্য চুক্তি কেবল বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হতে পারে না। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরান এমন একটি সম্মানজনক ও দীর্ঘস্থায়ী সমঝোতা চায় যা দেশের জাতীয় স্বার্থ রক্ষা করবে এবং ভবিষ্যতে নতুন করে সংঘাতের পথ বন্ধ করবে। আরাগচির মতে, এমন কোনো চুক্তি গ্রহণযোগ্য নয় যা দুই মাস পরেই লঙ্ঘিত হতে পারে এবং পুনরায় যুদ্ধের ঝুঁকি তৈরি করে।
পারমাণবিক কর্মসূচির বিষয়ে আরাগচি জানান, ইরান ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে আলোচনার জন্য প্রস্তুত থাকলেও, দেশের বাইরে উপাদান স্থানান্তরের বিষয়টি নাকচ করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, পারমাণবিক সমৃদ্ধকরণ ইস্যুকে অন্যান্য দাবি থেকে আলাদা করা সম্ভব নয়। এটি একটি বিস্তৃত চুক্তির অংশ হতে হবে, যা ইরানের নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করবে। বর্তমানে কাতার ও পাকিস্তানের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আরাগচি বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, বাইরের সামরিক শক্তির ওপর নির্ভরতা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য যথেষ্ট নয়। হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে তিনি জানান, ওয়াশিংটনের প্রতিশ্রুতি লঙ্ঘনের কারণে আগের সমঝোতা স্মারকটি এখন আর কার্যকর নেই। তবে ইরান তার দাবি পূরণ সাপেক্ষে যেকোনো সময় নতুন চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তিনি পুনর্ব্যক্ত করেন যে, কূটনীতির মাধ্যমে সমাধানের আশা এখনো শেষ হয়ে যায়নি, তবে চুক্তির শর্ত পূরণই তেহরানের কাছে প্রধান অগ্রাধিকার।