ছোট ব্যবসায়ীদের জন্য ‘ব্যাপার সক্ষম’ স্কিম: কিউআর কোড ও সাউন্ড বক্সে মিলবে আর্থিক সহায়তা

দেশের ছোট ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে সরকার ‘ব্যাপার সক্ষম’ প্রকল্প চালু করেছে। মূলত টায়ার-৩ থেকে টায়ার-৬ শহর এবং গ্রামীণ এলাকার ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই এই স্কিম সাজানো হয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির পাশাপাশি জম্মু-কাশ্মীর ও লাদাখের দোকানিরাও এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি ফিজিক্যাল কিউআর কোড বোর্ডের জন্য ৩০০ টাকা এবং প্রতিটি সাউন্ড বক্স বসানোর জন্য ৭৫০ টাকা অনুদান দেওয়া হবে।
এই সুবিধা পাওয়ার জন্য ব্যবসায়ীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে তিন মাসের মধ্যে অন্তত দুই মাস ন্যূনতম ২৫টি বৈধ লেনদেন সম্পন্ন করতে হবে। এছাড়া প্রতি মাসে লেনদেনের পরিমাণ হতে হবে অন্তত ৫,০০০ টাকা। যোগ্য ব্যবসায়ীরা পরিকাঠামোগত সহায়তার পাশাপাশি লেনদেন বৃদ্ধির ভিত্তিতে আলাদা ইনসেনটিভও পাবেন। এই ইনসেনটিভ কাঠামোটি নতুন ব্যবসায়ী যুক্ত করা, লেনদেনের বৃদ্ধি এবং অতিরিক্ত বৃদ্ধির ওপর ভিত্তি করে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে।
লেনদেন বৃদ্ধির ইনসেনটিভ পাওয়ার জন্য ব্যবসায়ীর লেনদেনের পরিমাণ ত্রৈমাসিক ভিত্তিতে কমপক্ষে ৫ শতাংশ হারে বাড়তে হবে। আগের ত্রৈমাসিকের তুলনায় যোগ্য লেনদেনের বর্ধিত অংশের ওপর ০.২০ শতাংশ হারে ইনসেনটিভ হিসাব করা হবে। উদাহরণস্বরূপ, কোনো ব্যবসায়ীর আগের তিন মাসে ১০ লাখ টাকা লেনদেন হয়ে থাকলে এবং পরের ত্রৈমাসিকে তা বেড়ে ১২ লাখ টাকা হলে, অতিরিক্ত ২ লাখ টাকার ওপর ০.২০ শতাংশ হারে ইনসেনটিভ পাবেন ওই ব্যবসায়ী।