ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মৃত ৩

শুক্রবার ভোররাত থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন। শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, এই হামলায় কিয়েভের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার জেরে ডিনিপ্রো নদীর ওপর অবস্থিত তিনটি গুরুত্বপূর্ণ সেতু—পোদিলস্কি-ভস্ক্রেসেনস্কি, দারনিৎস্কি এবং সাউদার্ন ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে নদীর দুই তীরের মধ্যে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
উল্লেখ্য, সম্প্রতি ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভে এই বড় ধরনের আক্রমণ চালানো হলো। পুতিন আগেই জানিয়েছিলেন, রাশিয়ার পাল্টা পদক্ষেপ হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। এই হামলার পর নতুন করে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে।