তন্ত্র ও লোকবিশ্বাসের রহস্য নিয়ে আসছে নতুন বাংলা ছবি ‘ডাকিনী বিদ্যা’

তন্ত্র ও লোকবিশ্বাসের রহস্য নিয়ে আসছে নতুন বাংলা ছবি ‘ডাকিনী বিদ্যা’

তন্ত্র মানেই কি কেবল অশুভ সাধনা? এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে তন্ত্রের এক নতুন দিক তুলে ধরতে চলেছেন পরিচালক সৌনব নাগ। তাঁর পরিচালিত নতুন বাংলা ছবি ‘ডাকিনী বিদ্যা’য় তন্ত্রের সঙ্গে জড়িয়ে থাকা রহস্য ও দর্শনের মেলবন্ধন খোঁজার চেষ্টা করা হয়েছে। নির্মাতাদের মতে, করুণা ও প্রজ্ঞার মিলনেই তন্ত্রের প্রকৃত অর্থ নিহিত। প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী ডাকিনী, যক্ষিণী কিংবা কর্ণপিশাচিনীর মতো চরিত্র এবং তাদের বিদ্যা অর্জনের পদ্ধতি ও পরিণতির ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে এই ছবির চিত্রনাট্য।

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋষভ বসু, পায়েল সরকার ও পারিজাত চৌধুরী। খলচরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোনালী চৌধুরী, বিশ্বরূপ বিশ্বাস, অরুণাভ দে, অমিতাভ ভট্টাচার্য, শ্রীতমা দে, শতদীপ সাহা, প্রদীপ ধর, পারমিতা মুখার্জি, অনির্বাণ সিকদার ও শ্রীতমা বৈদ্য। ছবির গল্পে চরিত্রগুলোর দৈনন্দিন জীবন কীভাবে এই রহস্যময় বিদ্যার প্রভাবে বদলে যায়, তা-ই ফুটে উঠবে পর্দায়।

গল্পের প্রয়োজনে গভীর জঙ্গল, নদীর বাঁধ ও রাতের নিস্তব্ধতাকে ব্যবহার করা হয়েছে, যা ছবির রহস্যময় আবহকে আরও ঘনীভূত করবে। তন্ত্রের মতো গম্ভীর বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হলেও, এতে ড্রামা, অ্যাকশন, নাচ-গান ও প্রেমের মতো বিনোদনের সব উপাদানই রাখা হয়েছে। রহস্য ও ভয়ের আবহে চরিত্রগুলোর অজানা জগতে জড়িয়ে পড়ার কাহিনিই এই ছবির মূল আকর্ষণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *