প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী

প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শনিবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল জেলার যমকেশ্বর এলাকার পঞ্চুর গ্রামে নিজের পৈতৃক বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকাল থেকেই তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়েছিল এবং চিকিৎসকরা বাড়িতেই তাঁর চিকিৎসা করছিলেন।

সাবিত্রী দেবী ও প্রয়াত আনন্দ সিংহ বিশতের সাত সন্তান, যার মধ্যে চার ছেলে ও তিন মেয়ে রয়েছেন। ২০২০ সালের এপ্রিল মাসে আনন্দ সিংহ বিশত প্রয়াত হন। সাবিত্রী দেবী গ্রামের বাড়িতেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে থাকতেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও যোগী আদিত্যনাথ বিভিন্ন সময়ে মায়ের সঙ্গে দেখা করতে গ্রামে গিয়েছেন। শনিবার হরিদ্বারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে এবং স্থানীয় প্রশাসন পরিবারকে সবরকম সহযোগিতা করছে।

মায়ের প্রয়াণের এই ব্যক্তিগত শোকের মাঝেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেননি। তিনি গোরক্ষপুরে নিজের নির্ধারিত কাজকর্ম চালিয়ে যান। সাবিত্রী দেবীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। এছাড়াও উত্তরপ্রদেশ বিজেপি, কংগ্রেস এবং সমাজবাদী পার্টির বিভিন্ন স্তরের নেতারা শোকবার্তা জানিয়েছেন। শোকের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজনৈতিক মহলের অনেকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *