মেট্রোয় শ্লীলতাহানির অভিযোগ মহিলা সাংবাদিকের, তদন্তে পুলিশ

কলকাতা মেট্রোয় এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে চাঁদনি চক থেকে কবি নজরুলগামী মেট্রোয় ওঠার পর এই ঘটনা ঘটে। অভিযোগকারিণীর দাবি, এসপ্ল্যানেড স্টেশন থেকে এক যুবক মেট্রোয় উঠে তাঁর ঠিক পিছনে এসে দাঁড়ান। কিছু সময় পর তিনি বুঝতে পারেন, ওই ব্যক্তি তাঁকে অশালীনভাবে স্পর্শ করছেন। প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি সরে যাননি। ওই মহিলা সাংবাদিকের অভিযোগ, তিনি ঘুরে তাকিয়ে দেখেন ওই যুবকের ট্রাউজ়ার্সের জ়িপার খোলা ছিল।
ঘটনার সময় ওই মহিলা সাংবাদিকের চিৎকারে অন্য সহযাত্রীরাও প্রতিবাদ জানান। রবীন্দ্র সদন স্টেশনে পৌঁছালে অন্য যাত্রীরা অভিযুক্তকে ট্রেন থেকে নামিয়ে দেন। অভিযোগকারিণীর দাবি, কবি নজরুল স্টেশনে নেমে তিনি মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গেলেও কোনো সাহায্য পাননি। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, তাঁদের কাছে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
পরবর্তীকালে ওই সাংবাদিক শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, মেট্রোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে মেট্রো কর্তৃপক্ষ পুলিশকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে।