বেলেঘাটায় দু’দিনের বই ও সাংস্কৃতিক উৎসব ‘কল্লোলিনী’, থাকছে নানা আয়োজন

বেলেঘাটায় দু’দিনের বই ও সাংস্কৃতিক উৎসব ‘কল্লোলিনী’, থাকছে নানা আয়োজন

প্রায় ৩০ বছর পর বেলেঘাটায় বই ও লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে এক বড় মাপের উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২৯ ও ৩০ নভেম্বর বেলেঘাটা সরকার বাজার সুভাষ পার্কে এই উৎসব অনুষ্ঠিত হবে। ‘কল্লোলিনী’ নামের এই আয়োজনে ৩০টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থার পাশাপাশি ছোটদের সাহিত্য, লিটল ম্যাগাজিন এবং নতুন লেখকদের বইয়ের সম্ভার থাকবে এই মেলায়। ডিজিটাল যুগে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনাই এই উৎসবের অন্যতম প্রধান লক্ষ্য।

উৎসবের দু’দিন বই কেনাবেচার পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ নভেম্বর দুপুর ২টোয় উদ্বোধনের পর কবি সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তন্ময় রায়চৌধুরীর বিশেষ পরিবেশনা থাকবে। ৩০ নভেম্বর ক্যানভাস পেইন্টিং ও সংগীতের যুগলবন্দি এবং সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিশেষ আবৃত্তি ও আলোচনার আয়োজন করা হয়েছে। মেলায় সন্দীপন রায়, শুভ্রুয় ভট্টাচার্য ও সৌরভ চক্রবর্তীর মতো লেখকদের নতুন বই প্রকাশিত হবে।

এই মিলনমেলায় কবি রামকিশোর ভট্টাচার্য, বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় ও শুভ্রজিৎ দত্তসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। বেলেঘাটা সরকার বাজার মিলন সংঘের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের মাধ্যমে সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে চান উদ্যোক্তারা। আয়োজকদের লক্ষ্য, এই উৎসবকে কেবল দু’দিনের মেলায় সীমাবদ্ধ না রেখে বেলেঘাটার নিজস্ব সাহিত্য-সংস্কৃতির পরিচয়ে পরিণত করা। ২৯ ও ৩০ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত এই উৎসব সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *