সোশ্যাল মিডিয়ায় কার্টুন পোস্ট ঘিরে বিতর্ক, মহুয়া মৈত্রকে আইনি নোটিস পাঠাল আদানি গোষ্ঠী

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কার্টুন পোস্ট করার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আইনি নোটিস পাঠাল আদানি গোষ্ঠী। মহুয়া মৈত্রের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আদানি গোষ্ঠীর দাবি, ওই কার্টুনে প্রধানমন্ত্রী এবং আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের চেয়ারম্যানকে নিয়ে যে চিত্রায়ন করা হয়েছে, তা অত্যন্ত অবমাননাকর ও মানহানিকর।
নোটিসে উল্লেখ করা হয়েছে, ওই কার্টুনের মাধ্যমে আদানি গোষ্ঠীর চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর দফতরে অন্যায়ভাবে প্রভাব খাটানো ব্যক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আদানি গোষ্ঠীর মতে, এটি কোনো সরকারি নীতির সমালোচনা নয়, বরং ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে ব্যক্তিগত সম্মানহানির একটি অপপ্রয়াস। একজন লোকসভা সাংসদের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশিত নয় বলেও আইনি চিঠিতে মন্তব্য করা হয়েছে।
আদানি গোষ্ঠীর আইনি পরামর্শদাতারা জানিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির কাছ থেকে সুস্থ রাজনৈতিক সমালোচনার আশা করা হয়, কুৎসা রটানো নয়। এই পরিস্থিতিতে, আইনি নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মহুয়া মৈত্রকে সংশ্লিষ্ট বিতর্কিত পোস্টটি অবিলম্বে সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।