ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গেও

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ শুক্রবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা ও হাওড়াতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। রবিবারও এই ধারা অব্যাহত থাকবে। সোমবার থেকে ঝোড়ো হাওয়ার দাপট কমলেও উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও। শুক্রবার মালদহ ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতি হবে এবং বুধবার রাত থেকে তাপমাত্রা কমে শীতের আমেজ ফেরার সম্ভাবনা রয়েছে।