বিচারপতির ব্যক্তিগত আক্রমণের কড়া জবাব সিপিএম সাংসদ সু ভেঙ্কটেশানের

বিচারপতির ব্যক্তিগত আক্রমণের কড়া জবাব সিপিএম সাংসদ সু ভেঙ্কটেশানের

তামিলনাড়ুর সরকারি গ্রন্থাগারে বই কেনা সংক্রান্ত একটি মামলার শুনানির সময় সিপিএম সাংসদ সু ভেঙ্কটেশানকে নিয়ে বিচারপতি জি আর স্বামীনাথনের মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। গত ১৬ নভেম্বর মামলার শুনানির সময় বিচারপতি দাবি করেন, সাংসদ নিজেকে কমিউনিস্ট নেতা বলে পরিচয় দিলেও দামি মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চড়েন এবং ব্র্যান্ডেড পোশাক পরেন। গ্রন্থাগারে বই সরবরাহে অনিয়মের প্রেক্ষিতে বিচারপতির ‘প্রায়শ্চিত্ত’ সংক্রান্ত মন্তব্যের সমালোচনা করেছিলেন সাংসদ, যার জেরেই এই ব্যক্তিগত আক্রমণ বলে অভিযোগ উঠেছে।

বিচারপতির মন্তব্যের পাল্টা জবাবে সু ভেঙ্কটেশান সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছেন, তাঁর নিজের কোনো গাড়ি নেই এবং ওই গাড়িটি তাঁর নয়। সাংসদ হিসেবে প্রাপ্য অধিকারের ভিত্তিতেই তিনি ট্রেনের প্রথম শ্রেণিতে ভ্রমণ করেন বলে তিনি জানান। তাঁর মতে, মানুষের সম্মান পোশাক বা গাড়ির ওপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে কাজ ও আদর্শের ওপর। তিনি আরও বলেন, যাচাই না করা তথ্যের ভিত্তিতে করা এই ধরনের মন্তব্য সস্তা ব্যক্তিগত আক্রমণের শামিল।

এই ঘটনায় সরব হয়েছে বাম শিবির। সিপিএমের রাজ্য সম্পাদক পি শানমুগাম এবং সিপিআইয়ের রাজ্য সম্পাদক এম বীরপান্ডিয়ান বিচারপতির বিরুদ্ধে বিচারবিভাগীয় শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তাঁরা মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। বাম নেতাদের অভিযোগ, বিচারপতি স্বামীনাথন অতীতেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন এবং সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার দায়বদ্ধতা ভুলে ধর্মীয় পক্ষপাতমূলক বক্তব্য রাখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *