২০৭০ সালের মধ্যে ভারতের জনসংখ্যায় ধর্মীয় বিন্যাসের সম্ভাব্য পরিবর্তনের পূর্বাভাস

২০৭০ সালের মধ্যে ভারতের জনসংখ্যায় ধর্মীয় বিন্যাসের সম্ভাব্য পরিবর্তনের পূর্বাভাস

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক সমীক্ষায় আগামী পাঁচ দশকে ভারতের জনসংখ্যার ধর্মীয় বিন্যাসে পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। সেই সময় ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশে পরিণত হবে। তবে এই পরিবর্তনের পরেও ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিসেবেই বহাল থাকবেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার ৭৯.৪ শতাংশ ছিলেন হিন্দু, যা ২০৭০ সালে কমে ৭৫.৮ শতাংশ হতে পারে। তবে অনুপাত কমলেও সংখ্যার বিচারে হিন্দু জনসংখ্যা ১১১ কোটি থেকে বেড়ে ১২৯ কোটিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, একই সময়ে মুসলিম জনসংখ্যা ১৫.২ শতাংশ থেকে বেড়ে ১৯.৬ শতাংশ হতে পারে। অর্থাৎ, সংখ্যার বিচারে মুসলিম জনসংখ্যা ২১.৩ কোটি থেকে বেড়ে প্রায় ৩৩.৪ কোটিতে পৌঁছাতে পারে।

জনসংখ্যার এই পরিবর্তনের পেছনে মূলত জনগোষ্ঠীর গড় বয়স এবং সন্তান জন্ম দেওয়ার হার বা ফার্টিলিটি রেটকে দায়ী করেছে পিউ রিসার্চ সেন্টার। সমীক্ষা অনুযায়ী, মুসলিম জনগোষ্ঠীর গড় বয়স হিন্দুদের তুলনায় কম। এছাড়া ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে মুসলিম মহিলাদের গড় সন্তান জন্ম দেওয়ার হার ২.৩ এবং হিন্দু মহিলাদের ক্ষেত্রে তা ১.৮ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে এই সমীক্ষা কোনো চূড়ান্ত ভবিষ্যদ্বাণী নয়। জন্মহার, মৃত্যুহার ও অভিবাসনের মতো বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে এই হিসাব তৈরি করা হয়েছে। ২০১১ সালের জনগণনার তথ্যের ওপর ভিত্তি করে এই বিশ্লেষণ করা হয়েছে বলে সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পূর্বাভাস পরিবর্তিত হতে পারে বলেও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *