উজ্জয়িনীর তকিয়া মসজিদ ভাঙার নির্দেশ পুনর্বিবেচনা করবে না সুপ্রিম কোর্ট

উজ্জয়িনীর তকিয়া মসজিদ ভাঙার নির্দেশ পুনর্বিবেচনা করবে না সুপ্রিম কোর্ট

উজ্জয়িনীর তকিয়া মসজিদ ভাঙার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে, গত ৭ নভেম্বরের নির্দেশে কোনো ভুল নেই, তাই তা পুনর্বিবেচনার প্রয়োজন নেই। পাশাপাশি, আবেদনকারীদের প্রকাশ্য আদালতে শুনানির আর্জিও আদালত নাকচ করে দিয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রদেশ সরকার মহাকাল মন্দির চত্বরের পার্কিং এলাকা সম্প্রসারণের জন্য ২০২৫ সালের জানুয়ারি মাসে মসজিদটি ভেঙে ফেলেছিল। মসজিদটিতে নিয়মিত নমাজ পড়া ১৩ জন বাসিন্দা এই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা দায়ের করেন। তাঁদের দাবি, ১৯৮৫ সালে মসজিদটিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছিল।

আবেদনকারীদের অভিযোগ, মসজিদটি ভেঙে ফেলার মাধ্যমে ১৯৯১ সালের প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, ১৯৯৫ সালের ওয়াকফ অ্যাক্ট এবং ২০১৩ সালের জমি অধিগ্রহণ আইন লঙ্ঘন করা হয়েছে। এছাড়া জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় অনিয়ম এবং বেআইনি দখলদারদের ক্ষতিপূরণ দেওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা।

এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চ মসজিদটি ফিরিয়ে দেওয়ার আর্জি খারিজ করে দিয়েছিল। এরপরই মামলাকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত ৭ নভেম্বর শীর্ষ আদালত তাঁদের মূল আবেদন খারিজ করে দেয়। সেই নির্দেশের বিরুদ্ধে পুনর্বিবেচনার আর্জি জানালে আদালত তা ফের খারিজ করে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *