নেটফ্লিক্সে সুকেশের তথ্যচিত্র মুক্তি আটকাতে আইনি নোটিস

নেটফ্লিক্সে সুকেশের তথ্যচিত্র মুক্তি আটকাতে আইনি নোটিস

নেটফ্লিক্সে মুক্তি পেতে চলা সুকেশ চন্দ্রশেখর সংক্রান্ত তথ্যচিত্রটি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। গত ২৬ নভেম্বর পাঠানো এক আইনি নোটিসে দাবি করা হয়েছে, সুকেশের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বর্তমানে বিচারাধীন। এই পরিস্থিতিতে মামলার বিচারপ্রক্রিয়া বা প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তথ্যচিত্রটি মুক্তি দেওয়া যাবে না। শুধু মূল তথ্যচিত্র নয়, এর প্রচার ঝলক এবং যাবতীয় প্রচারমূলক সামগ্রী প্রকাশের উপরেও স্থগিতাদেশের দাবি জানানো হয়েছে।

আইনজীবী অনন্ত মালিকের মতে, আদালতে কোনো ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার আগেই তথ্যচিত্রের মাধ্যমে একপাক্ষিক বা যাচাই না করা বিবরণকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে তুলে ধরার আশঙ্কা রয়েছে। নোটিসে তথ্যচিত্রের নির্মাণ ও বিষয়বস্তু নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে তথ্যচিত্রে কারা বক্তব্য রেখেছেন, সেই তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে। এছাড়া মামলার সাক্ষী, তদন্তকারী আধিকারিক বা জেলকর্মীরা এতে অংশ নিয়েছেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

নির্মাতাদের দাবি, তথ্যচিত্রটি ব্যক্তিগত অনুসন্ধান, সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং ইন্টারনেটের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। তবে আইনি নোটিসে স্পষ্ট করা হয়েছে যে, আদালতে এই তথ্যগুলো এখনও প্রমাণ হিসেবে গৃহীত হয়নি। নির্মাতারা কোনো সরকারি নথি বা মামলার গোপন তথ্য ব্যবহার করেছেন কি না, তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর তথ্যচিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই আইনি নোটিসের পর নেটফ্লিক্স এবং সংশ্লিষ্ট নির্মাতারা কী পদক্ষেপ নেন, সেদিকেই এখন নজর রয়েছে বিনোদন ও আইনি মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *