২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ইমরান হাশমির ‘গানমাস্টার জি৯’, সেন্সরের নির্দেশে একাধিক পরিবর্তন

আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইমরান হাশমি ও জেনেলিয়া অভিনীত ছবি ‘গানমাস্টার জি৯’। তবে মুক্তির আগে কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বা সিবিএফসি-র পক্ষ থেকে ছবিটিতে বেশ কিছু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। সেন্সর বোর্ডের নির্দেশিকা মেনে ছবিটির বেশ কিছু অংশে কাটছাঁট ও বদল আনা হয়েছে।
সেন্সর বোর্ডের নির্দেশ অনুযায়ী, ছবির বেশ কিছু আপত্তিকর ও অশ্লীল শব্দ পরিবর্তন করে যথাযথ শব্দ বসানো হয়েছে। ছবির শুরুর দিকে একটি সংলাপে মদের ব্র্যান্ডের যে উল্লেখ ছিল, তাও সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া একটি ভারতীয় বেসামরিক পুরস্কারের অনুপযুক্ত উল্লেখ সংলাপ এবং সাবটাইটেল, উভয় জায়গা থেকেই বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি ছবির দ্বিতীয়ার্ধ থেকে ‘পোলিও’ শব্দের উল্লেখও সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। সিবিএফসির নির্ধারিত এই সমস্ত সংশোধনগুলো মেনে নেওয়ার পরই ছবিটি মুক্তির ছাড়পত্র পেয়েছে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৭ নভেম্বর দর্শকদের সামনে আসছে ইমরান ও জেনেলিয়ার এই নতুন ছবি।