শুটিং চলাকালীন প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সোহেল খান

শুটিংয়ে গিয়ে আকস্মিক অসুস্থতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সোহেল খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মঙ্গলবার বগুড়ায় ‘নসিব’ ছবির শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অভিনেতার প্রয়াণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন সোহেল খান। আগামী ২৫ নভেম্বর তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নেওয়ার পর ইউনিটের এক সদস্য তাঁকে ডাকতে হোটেলের ঘরে যান। সেখানে তাঁকে বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপনে কাজের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা সোহেল খান রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে বিশেষ পরিচিতি পান। এছাড়া অসংখ্য নাটক ও টেলিফিল্মে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। বড়পর্দাতেও তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।