দুঃসময়ে শরদ কাপুরের পাশে বলিউড, সাহায্যের আশ্বাস শাহরুখ-সলমন-সোনু সুদের

বলিউড অভিনেতা শরদ কাপুর বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর কিছু ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিনেতার শারীরিক অবস্থা ও জীবনযাপন নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে তাঁর পোষ্যদের সাময়িকভাবে অন্য জায়গায় রাখার বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অভিনেতা জানিয়েছেন, বার্সেলোনায় ফুটবল খেলার সময় পায়ে চোট পাওয়ার কারণে তিনি শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে তিনি আর্থিক সাহায্য নয়, বরং অভিনয়ে ফেরার সুযোগ খুঁজছেন।
শরদের এই পরিস্থিতির কথা জানতে পেরে বলিউডের একাধিক পরিচিত মুখ তাঁর পাশে দাঁড়িয়েছেন। শাহরুখ খান, সলমন খান, সোনু সুদ, রাজপাল যাদব এবং জাভেদ আখতারের মতো ব্যক্তিত্বরা তাঁর খোঁজখবর নিয়েছেন এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সোনু সুদ ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করে পায়ের চোটের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এছাড়া অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও সলমন খানের সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘদিন নিয়মিত কাজ না পাওয়ায় নতুন করে অভিনয়ের সুযোগ পেতে সমস্যার মুখে পড়েছেন শরদ। ‘দস্তক’, ‘জোশ’, ‘লক্ষ্য’ ও ‘জয় হো’-এর মতো ছবিতে অভিনয় করা এই অভিনেতা এখন আবার ক্যামেরার সামনে ফিরতে চান। সহকর্মীদের এই আন্তরিক ভালোবাসা ও সাহায্যের প্রতিশ্রুতিতে তিনি আপ্লুত। শরদের কথায়, ইন্ডাস্ট্রির মানুষের এই উদ্বেগ ও পাশে থাকার আশ্বাস তাঁর কাছে অত্যন্ত মূল্যবান। পর্দার বাইরের এই মানবিক সম্পর্কই এখন তাঁর বড় প্রাপ্তি।