বর্ধমান: একাধিক নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

বর্ধমান শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে আচমকা পরিদর্শনে নামল রাজ্যের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল শহরের একাধিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখেন। সাম্প্রতিক সময়ে শিশুমৃত্যু ও চিকিৎসার গাফিলতি নিয়ে একাধিক অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিদর্শনের সময় কমিশনের নজরে আসে যে, অনেক প্রতিষ্ঠানেই রোগীর নিরাপত্তা ও চিকিৎসার ন্যূনতম পরিকাঠামোর অভাব রয়েছে।
কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে, অনেক নার্সিংহোমে অগ্নিনির্বাপণ ব্যবস্থার শংসাপত্র নেই, চিকিৎসকদের তালিকা বা রেট চার্ট যথাযথভাবে প্রদর্শিত হচ্ছে না। এছাড়া আইসিইউ পরিচালনার পরিকাঠামো এবং চিকিৎসকদের নাম ও সই ব্যবহারের ক্ষেত্রেও গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে। এই অনিয়মের জেরে নবাবহাটের দু’টি বেসরকারি হাসপাতালে আপাতত নতুন রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেখানে চিকিৎসাধীন রোগীদের পরিষেবায় কোনো বাধা দেওয়া হবে না বলে কমিশন জানিয়েছে।
কমিশনের প্রধান বিশ্বজিৎ বসু স্পষ্ট জানিয়েছেন, নার্সিংহোম চালাতে গেলে আইনের নির্ধারিত কাঠামোর মধ্যেই পরিষেবা দিতে হবে। অন্য কয়েকটি প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধনের জন্য এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ম না মানলে সেগুলির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে লাইসেন্স পাওয়ার পরেও শর্ত মেনে প্রতিষ্ঠান চলছে কি না, তা নিয়মিত নজরদারির ওপর জোর দিয়েছে কমিশন। বুধবারও এই পরিদর্শন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।