চাকরির টোপ দিয়ে বিদেশিদের আটকে রেখে সাইবার প্রতারণা, নয়ডায় উদ্ধার ১৬৪ জন

চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশিদের ভারতে এনে সাইবার প্রতারণার কাজে বাধ্য করার অভিযোগে ১৬৪ জনকে উদ্ধার করেছে দিল্লি পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৯২ জন ইন্দোনেশিয়ার এবং ৭২ জন মালয়েশিয়ার নাগরিক। নয়ডার সেক্টর ১৩৬ এলাকার বিভিন্ন বাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। এই ঘটনায় টান গুয়ান ওয়েই নামে ২৫ বছর বয়সি এক মালয়েশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তকারী পুলিশ আধিকারিকদের মতে, চক্রটি মোটা বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ওই বিদেশিদের ভারতে নিয়ে আসত। এখানে আসার পর তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো এবং চলাফেরার ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হতো। বন্দি অবস্থায় তাঁদের দিয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার নাগরিকদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক তৈরি করিয়ে ভুয়ো বিনিয়োগ প্রকল্পে টাকা বিনিয়োগের জন্য প্ররোচিত করা হতো।
এক সপ্তাহ আগে ই-মেলের মাধ্যমে খবর পেয়ে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করে। উদ্ধার হওয়া বিদেশিদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হতো এবং তাঁদের বাইরে বেরোতে দেওয়া হতো না। এই চক্রের মূল হোতা হিসেবে সুনীল কুমার ও সুশীল ভাটি নামে দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, যারা বর্তমানে পলাতক। তাঁদের খোঁজে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।