দিল্লিতে যুবকের রহস্যমৃত্যু, সম্পত্তির লোভে বিষ প্রয়োগের অভিযোগ দুই স্ত্রীর

দিল্লির খোদা কলোনির নবনীত বিহারে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম রাম লখন। বুধবার গভীর রাতে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারের অন্দরেই উঠেছে খুনের অভিযোগ।
মৃতের দুই স্ত্রী নীলম ও কোমল বর্মার অভিযোগ, সম্পত্তি হাতানোর উদ্দেশ্যেই শাশুড়ি কমলা দেবী এবং দুই ননদ শ্রুতি ও নর্মদা মিলে রাম লখনকে বিষ খাইয়ে হত্যা করেছেন। কোমলের দাবি, মাসখানেক আগে চিকিৎসার নাম করে শাশুড়ি ও ননদ রাম লখনকে আগ্রায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাঁর সঠিক চিকিৎসা হয়নি। গত ১৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ, মৃত্যুর পরপরই শাশুড়ি ও ননদরা হাসপাতাল থেকে চলে যান। প্রতিবেশীদের সহায়তায় দেহ বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং পরে সৎকারের জন্য আগ্রায় নিয়ে যাওয়া হয়। দুই স্ত্রী দেহ সৎকারে বাধা দিলেও শেষ পর্যন্ত তা সম্পন্ন হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।