পাকিস্তান সীমান্তে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে পঞ্চম এস-৪০০ মোতায়েনের প্রস্তুতি ভারতের

পাকিস্তান সীমান্তে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে পঞ্চম এস-৪০০ মোতায়েনের প্রস্তুতি ভারতের

পাকিস্তান সীমান্তে আকাশপথের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে ভারত পঞ্চম এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক ব্যবস্থাটি ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে ভারতে পৌঁছাতে পারে। আগামী ডিসেম্বর মাসে ভারতীয় বায়ুসেনার একটি প্রতিনিধি দল রাশিয়ায় গিয়ে এই ব্যবস্থার প্রাক-সরবরাহ পরিদর্শন করবে। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির মধ্যেই এটি মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ভারতের হাতে থাকা চারটি এস-৪০০ ব্যবস্থার মধ্যে তিনটি পঞ্জাব, রাজস্থান ও গুজরাতের পাকিস্তান সীমান্তে এবং চতুর্থটি চিন সীমান্তে মোতায়েন রয়েছে। নতুন পঞ্চম স্কোয়াড্রনটি জম্মু ও কাশ্মীরের ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন করা হবে। এর ফলে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবিলায় ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এস-৪০০ প্রায় ৪০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তু শনাক্ত করে তা ধ্বংস করতে সক্ষম।

চিন, তুরস্ক ও আমেরিকার কাছ থেকে পাকিস্তানের সামরিক সরঞ্জাম সংগ্রহের তৎপরতা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত এই পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতে আরও পাঁচটি এস-৪০০ স্কোয়াড্রন কেনার বিষয়েও প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ প্রাথমিক অনুমোদন দিয়েছে। আকাশ প্রতিরক্ষায় বহুস্তরীয় পরিকাঠামো গড়ে তোলাই নয়াদিল্লির মূল লক্ষ্য। এই নতুন মোতায়েন পশ্চিম সীমান্তে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুরক্ষিত করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *