স্বামীর চেয়ে বেশি আয়, খোরপোশের মিথ্যে দাবিতে জরিমানা মহিলার

স্বামীর চেয়ে বেশি আয়, খোরপোশের মিথ্যে দাবিতে জরিমানা মহিলার

স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন খোরপোশ দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এক মহিলা। নিজেকে উপার্জনহীন ও গৃহবধূ হিসেবে দাবি করে তিনি স্বামীর কাছ থেকে মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা খোরপোশ চেয়েছিলেন। এর আগে আলিপুর আদালতের নবম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই মহিলাকে মাসে ৪৫ হাজার টাকা অন্তর্বর্তীকালীন খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলার স্বামী।

হাইকোর্টে দুপক্ষের আয়ের নথি তলব করা হলে প্রকৃত তথ্য সামনে আসে। দেখা যায়, ওই মহিলা নিজে একটি আইটি সংস্থায় কর্মরত এবং তাঁর মাসিক আয় প্রায় পৌনে ২ লক্ষ টাকা। অন্যদিকে, তাঁর স্বামীর মাসিক আয় প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা। অর্থাৎ, স্ত্রীর আয় স্বামীর তুলনায় অনেকটাই বেশি। নিজের আয়ের তথ্য গোপন করার বিষয়টি ধরা পড়লে ওই মহিলা দাবি করেন, আইনজীবীর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণেই হলফনামায় আয়ের কথা উল্লেখ করা হয়নি।

বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ এই যুক্তি খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, বি-টেক ও এমসিএ ডিগ্রিধারী একজন শিক্ষিত মহিলা হলফনামার বিষয়বস্তু সম্পর্কে অবগত ছিলেন না, তা বিশ্বাসযোগ্য নয়। আদালত স্পষ্ট জানায়, আইনের ধারাকে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ২০২২ সাল থেকে চলা এই মামলাকে আইনি প্রক্রিয়ার অপব্যবহার বলে গণ্য করে হাইকোর্ট মহিলার খোরপোশের আবেদন খারিজ করেছে এবং তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *