২৭ নভেম্বর প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল

আগামী ২৭ নভেম্বর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলাফল প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওই দিন দুপুর আড়াইটেয় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। একই সঙ্গে তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হবে বলে সংসদ জানিয়েছে।
পরীক্ষার্থীরা ২৭ নভেম্বর বিকেল ৩টে থেকে নির্দিষ্ট ওয়েবসাইট result.wb.gov.in-এ গিয়ে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবে। পাশাপাশি, স্কুলগুলি তাদের নিজস্ব লগ-ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টাল থেকে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমেস্টারের ফল এবং সামগ্রিক ফলের সারসংক্ষেপ ডাউনলোড করতে পারবে। সংসদ জানিয়েছে, ডাউনলোড করা ফলের কপিতে স্কুলের সিল ও প্রধানশিক্ষকের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই পরীক্ষায় মোট ৭ লক্ষ ১৮ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২ হাজার ৮০৬ জন এবং ছাত্রের সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ৬৬১ জন। রাজ্যের ৮২৫টি কেন্দ্রে মোট ২১০৫টি জায়গায় এই পরীক্ষা নেওয়া হয়েছিল। ১৬ অক্টোবর সম্ভাব্য উত্তরপত্র প্রকাশের পর, কোনো অসঙ্গতি থাকলে পরীক্ষার্থীরা ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আপত্তি জানানোর সুযোগ পেয়েছিল।