গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর

গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর

গান্ধী পরিবারের সদস্যদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার অভিযোগে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শিমলার বাসিন্দা এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে গত ১৩ নভেম্বর এই মামলাটি নথিভুক্ত করা হয়। শিমলার পুলিশ সুপার গৌরব সিং বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অভিযোগকারী অতুল শর্মার দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা তাঁর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর দুই পুত্র সঞ্জয় ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পোস্টে সনিয়া গান্ধীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার পাশাপাশি মেনকা গান্ধীর পারিবারিক বাসভবন ছাড়ার প্রসঙ্গও টানা হয়েছিল। অভিযোগকারীর মতে, এই পোস্টটি রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে সমাজে শত্রুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ইমেলের মাধ্যমে পুলিশের ডিজিপির কাছে অভিযোগ জানিয়ে কঙ্গনার পোস্টটির সাইবার-ফরেন্সিক তদন্তের দাবি জানানো হয়। সম্প্রতি সনিয়া গান্ধীর স্মৃতিগ্রন্থ প্রকাশের দিনই এই পোস্টটি সামনে আসে, যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *