বাঁকুড়ার বন্ধ তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড ও সরকারি নথি

বাঁকুড়ার বন্ধ তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড ও সরকারি নথি

বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বালিঠ্যা গ্রামে একটি বন্ধ তৃণমূল দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি নথি ও ব্যক্তিগত নথিপত্র উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের অভিযোগ, দীর্ঘ দিন তালাবন্ধ থাকা ওই কার্যালয়ের একটি আলমারি খুলতেই সেখান থেকে প্রায় দেড়শোটি আসল আধার কার্ড এবং সম সংখ্যক ব্যাঙ্কের পাসবুক পাওয়া যায়। এছাড়া সরকারি আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের নথিপত্রও সেখানে মজুত ছিল।

উদ্ধার হওয়া সামগ্রীর তালিকায় রয়েছে প্রায় ষাটটি সাদা থান কাপড় এবং বেশ কিছু কীটনাশক। স্থানীয়দের দাবি, সরকারিভাবে কৃষকদের জন্য সরবরাহ করা কীটনাশক চাষিদের না দিয়ে দলীয় কার্যালয়ে জমিয়ে রাখা হয়েছিল। এছাড়া সাধারণ মানুষের আধার কার্ড ও পাসবুক আটকে রেখে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে দুর্নীতি চালানো হতো বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের দাবি, সরকারি আধিকারিকদের উপস্থিতিতে তল্লাশি না হওয়ায় এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের মতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা সাজানো হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *