নারী সংরক্ষণ বিল নিয়ে প্রতিশ্রুতি পূরণের বার্তা প্রধানমন্ত্রীর

সংসদের বাদল অধিবেশনের বর্ধিত পর্ব শুরুর প্রাক্কালে নারী সংরক্ষণ বিল নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক ভিডিও বার্তায় তিনি জানান, নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার সংকল্পবদ্ধ এবং এটি এখন কেবল সময়ের অপেক্ষা। লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ পাস হলেও তা কার্যকর করার প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। বর্তমানে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি ও পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালু করার লক্ষ্যে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল নিয়ে নতুন করে উদ্যোগী হয়েছে কেন্দ্র। সংবিধান সংশোধনী বিল পাসের জন্য সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়, যা অর্জনে সরকার তৎপর।
গত এপ্রিলে এই সংক্রান্ত বিল পেশের সময় প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় তা পাস করানো সম্ভব হয়নি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। শাসকজোট এনডিএ-র বাইরে থাকা বেশ কিছু রাজনৈতিক দলের সমর্থন ইতিমধ্যে আদায় করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ডিএমকে এবং এনসিপি (শরদ)-সহ একাধিক দল এই বিলের পক্ষে ভোট দেওয়ার ইঙ্গিত দিয়েছে। আগামী সোমবার থেকে শুরু হতে চলা সংসদের অধিবেশনে এই বিল পাস করানোই সরকারের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।