বিয়ের রিসেপশনের মঞ্চে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চিকিৎসক

বিয়ের আনন্দঘন মুহূর্ত নিমেষেই শোকের ছায়ায় ঢেকে গেল বিহারের পূর্ণিয়ায়। ২৬ নভেম্বর নিজের রিসেপশন অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হলো পবন কুমার যাদব নামে এক আয়ুষ চিকিৎসকের। পাটনার বাসিন্দা পবন ২৫ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরদিন কনের গ্রামে রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আত্মীয় ও আমন্ত্রিতদের আশীর্বাদ নেওয়ার সময় মঞ্চেই হঠাৎ জ্ঞান হারান তিনি।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ফালকা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পূর্ণিয়ার একটি হাসপাতালে রেফার করা হলে, পথেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকের অকাল প্রয়াণের খবর শুনে কনেও জ্ঞান হারান। বিয়ের উৎসবের এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার আকস্মিকতায় হতবাক স্থানীয় বাসিন্দারা শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে ভিড় করেছেন।
উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের গাজিপুরেও বিয়ের আসরে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেখানে ডিজে গানের তালে নাচানাচি নিয়ে বিবাদের জেরে মদ্যপ যুবকদের হামলায় প্রাণ হারান বর। বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাতের ফলে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরপর এমন ঘটনায় বিয়ের আসরে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।