বড়বাজারের ব্যবসায়ী খুনের ঘটনায় তিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখল কলকাতা হাই কোর্ট

২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি রাতে বড়বাজারের ব্যবসায়ী শম্ভু চৌধুরীকে অপহরণ করে খুনের ঘটনায় তিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের রায়কেই মান্যতা দিয়েছে। ২০১২ সালে আলিপুর আদালত মহম্মদ নওশাদ, শামসের আলি এবং শেখ আবদুল হামিদকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে অভিযুক্তরা হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন।
ঘটনার রাতে রবীন্দ্র সরণিতে নিজের দফতর থেকে ফেরার পথে শম্ভু চৌধুরী ও তাঁর গাড়িচালক উজ্জ্বল হালদার দুষ্কৃতীদের কবলে পড়েন। চিৎপুর পেট্রল পাম্পের সামনে গাড়ি থামিয়ে তিন দুষ্কৃতী চালকের গলায় ছুরি ধরে ব্যবসায়ীকে অপহরণ করে। আরজি কর রোডের কাছে টাকা ও নথিপত্র লুটের পর ক্যানাল ওয়েস্ট রোডে নিয়ে গিয়ে শম্ভুকে গুলি করে ও গলা কেটে খুন করা হয়। চালককে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
হাই কোর্টের পর্যবেক্ষণ, ওই ঘটনায় গাড়িচালক প্রত্যক্ষদর্শী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাস্তার পর্যাপ্ত আলোয় অপরাধীদের চিনতে তাঁর ভুল হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া ব্যালিস্টিক পরীক্ষায় গাড়ি থেকে পাওয়া গুলির খোল ও উদ্ধার হওয়া পিস্তলের মধ্যে মিল পাওয়া গিয়েছে। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখে আদালত জানিয়েছে, অভিযুক্তদের শনাক্তকরণ প্রক্রিয়া ও প্রমাণের ভিত্তিতে নিম্ন আদালতের রায়ই সঠিক।