১৪ ডিসেম্বর মুক্তি পেতে পারে শাহরুখ খানের ‘কিং’-এর ট্রেলার

১৪ ডিসেম্বর মুক্তি পেতে পারে শাহরুখ খানের ‘কিং’-এর ট্রেলার

বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর ট্রেলার নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ১৪ ডিসেম্বর ছবিটির ট্রেলার মুক্তি পেতে পারে। বর্তমানে ট্রেলারটির চূড়ান্ত সম্পাদনার কাজ চলছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ট্রেলারটির দৈর্ঘ্য তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা। সম্প্রতি মুক্তি পাওয়া সালমান খানের ‘মাতৃভূমি’ ছবির ট্রেলারের তুলনায় এটি কিছুটা ছোট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবিতে অনেক উপাদান থাকায় ট্রেলারের জন্য কোন অংশগুলো বেছে নেওয়া হবে, তা নিয়ে নির্মাতারা বেশ সতর্ক। তবে ট্রেলারটি দর্শকদের পূর্ণাঙ্গ বিনোদনের খোরাক জোগাবে বলেই আশা করা হচ্ছে। এতে জমজমাট অ্যাকশন, বাণিজ্যিক গান এবং বড় বাজেটের উপস্থাপনা থাকবে। ছবির প্রতিটি ফ্রেম অত্যন্ত যত্ন সহকারে চিত্রায়িত করা হয়েছে বলে জানা গেছে। ২০২৩ সালে ‘ডাঙ্কি’ মুক্তির পর শাহরুখকে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

এই অ্যাকশন ঘরানার ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটছে শাহরুখ কন্যা সুহানা খানের। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। এছাড়াও দীপিকা পাডুকোন, অনিল কাপুর, কারিনা কাপুর, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মা, সৌরভ শুক্লা এবং রানি মুখার্জির মতো একঝাঁক তারকাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সব মিলিয়ে বড় বাজেটের এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *