বাগডোগরায় ভেঙে পড়ল সেনার ড্রোন, ব্যাহত হয়নি বিমান পরিষেবা

বাগডোগরায় ভেঙে পড়ল সেনার ড্রোন, ব্যাহত হয়নি বিমান পরিষেবা

বাগডোগরা বিমানবন্দরে অবতরণের সময় ভারতীয় সেনাবাহিনীর একটি ‘হেরন এমকে-১’ মডেলের চালকবিহীন বিমান বা ড্রোন দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার নির্ধারিত মিশন শেষে রানওয়েতে নামার সময় ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। এই ঘটনায় ড্রোনটির মূল কাঠামো দুমড়ে-মুচড়ে দুই টুকরো হয়ে যায় এবং সামনের প্রপেলারটি ভেঙে যায়। পাশাপাশি বিমানবন্দরের রানওয়ের তিনটি অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৫০৭ আর্মি অ্যাভিয়েশন ব্যাটালিয়নের এই ড্রোনটি একটি বিশেষ ‘এডিআর’ মিশনে রিলে এয়ারক্রাফট হিসেবে কাজ করছিল। সাধারণত সীমান্ত এলাকায় নজরদারি ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এই ধরনের ড্রোন ব্যবহার করা হয়। অবতরণের ঠিক আগের মুহূর্তে কোনো পূর্ব-সংকেত ছাড়াই ড্রোনটি কেন নিচে নেমে এল, তা খতিয়ে দেখতে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ও সেনার শীর্ষ আধিকারিকরা দ্রুত রানওয়ে পরিষ্কার ও মেরামতের কাজ সম্পন্ন করেন। সিআইএসএফ সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার ফলে বাণিজ্যিক বিমান চলাচলে তেমন কোনো প্রভাব পড়েনি। মঙ্গলবার পর্যন্ত মোট ৩৩ জোড়া বিমান নির্ধারিত সময়েই বাগডোগরা বিমানবন্দর থেকে অবতরণ করেছে এবং গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *