কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে শতাব্দী প্রাচীন গাছ কাটার অভিযোগ, তুঙ্গে বিতর্ক

কাশ্মীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহারাজা হরি সিংয়ের আমলে লাগানো শতাব্দী প্রাচীন সুইট চেস্টনাট গাছ কাটার ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী গাছগুলি নিয়মবহির্ভূতভাবে কেটে ফেলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পরিবেশকর্মীরা। তাদের দাবি, এটি নিছক ডাল ছাঁটাই নয়, বরং সরাসরি গাছ নিধনের ঘটনা। এই গাছগুলি মহারাজা হরি সিংয়ের বন্ধু মহম্মদ রহমান আফিন্দি কাশ্মীরে এনেছিলেন বলে জানা যায়।
গাছ কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে। অভিযোগকারী জানিয়েছেন, শ্রীনগর সাইবার পুলিশের পরিচয় দিয়ে তাকে ফোন করে ভিডিওটি মুছে ফেলতে বাধ্য করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইশারাতেই এই কাজ করা হয়েছে বলে তার সন্দেহ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মহারাজা হরি সিংয়ের নাতি বিক্রমাদিত্য সিং। তিনি বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অর্থনীতি ও ইতিহাস বিভাগের ভবন সুরক্ষিত রাখতে নিয়মমাফিক ডাল ছাঁটাই করা হয়েছে। তবে এই যুক্তি মানতে নারাজ পরিবেশকর্মীরা। তাদের মতে, ভবন থেকে গাছটির দূরত্ব যথেষ্ট বেশি, তাই একে ডাল ছাঁটাই বলা যায় না। এই ঘটনার প্রতিবাদে এবং ক্যাম্পাসে নির্মাণকাজের নামে গাছ কাটার প্রকৃত তথ্য জানতে তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবাদীরা। এর আগে ২০২০ সালেও হারওয়ানে প্রায় ৫০টি সুইট চেস্টনাট গাছ কাটার ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল।