কার্গিল যুদ্ধের স্মৃতি থেকে ক্রিকেটের ময়দান: বাবা নেম চাঁদের গর্ব ধ্রুব জুড়েল

কার্গিল যুদ্ধের স্মৃতি থেকে ক্রিকেটের ময়দান: বাবা নেম চাঁদের গর্ব ধ্রুব জুড়েল

১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় দেশের সুরক্ষায় সীমান্তে যাওয়ার আগে স্ত্রী-কে একটি চিঠি লিখেছিলেন ভারতীয় সেনার জওয়ান নেম চাঁদ জুড়েল। যুদ্ধক্ষেত্র থেকে সুস্থ শরীরে ফিরে আসা নিয়ে সংশয় থাকায়, সেই চিঠিতে তিনি নিজের সমস্ত সঞ্চয় ও ফিক্সড ডিপোজিটের বিস্তারিত হিসাব লিখে রেখেছিলেন। পরিবারের আর্থিক নিরাপত্তার কথা ভেবে তিনি স্ত্রীকে টাকা বুঝেশুনে ব্যবহারের পরামর্শও দিয়েছিলেন। সেই সময় নেম চাঁদের স্ত্রী একাই সংসার সামলেছেন, কারণ তখন তাঁদের ছেলে ধ্রুব জুড়েলের জন্মই হয়নি।

সময় বদলেছে, এখন নেম চাঁদের গর্বের জায়গা তাঁর ছেলে ধ্রুব জুড়েল। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম পরিচিত মুখ ধ্রুব বড় সাফল্যের পর প্রায়ই বাবাকে স্যালুট জানান, যা সেনাজীবনের প্রতি তাঁর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। ছোটবেলায় পড়াশোনায় ভালো থাকলেও ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ায় ধ্রুবর মনোযোগ সেদিকেই বেশি ছিল। ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে নেম চাঁদ ব্যাট, জুতো থেকে শুরু করে প্রয়োজনীয় সরঞ্জামের ক্ষেত্রে কোনো আপস করেননি।

বর্তমানে ধ্রুবর আমন্ত্রণে প্রথমবার বিদেশ সফরে গিয়েছেন নেম চাঁদ ও তাঁর স্ত্রী। তবে ধ্রুবর আন্তর্জাতিক অভিষেকের দিন মাঠে উপস্থিত ছিলেন না বাবা। সেই সময় তিনি বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে দর্শনে গিয়েছিলেন। একসময় কার্গিলের রণাঙ্গনে দেশের জন্য লড়াই করা নেম চাঁদ এখন মাঠের বাইরে বসে দেখছেন, তাঁর ছেলে কীভাবে ব্যাট হাতে দেশের হয়ে লড়াই করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *