বোল্লা রক্ষাকালী পুজোয় পকেটমারির অভিযোগে গ্রেপ্তার ৮২ জন

বোল্লা রক্ষাকালী পুজোয় পকেটমারির অভিযোগে গ্রেপ্তার ৮২ জন

দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী পুজো ও মেলা উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল জেলা পুলিশ। লক্ষাধিক মানুষের সমাগমকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছিল পকেটমার ও ছিনতাইবাজরা। পুজোর প্রথম দিনেই পকেটমারি, সোনার চেন চুরি এবং ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মোট ৮২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ২৬ জন মহিলা রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মেলা চত্বরে প্রায় চার হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। ভিড়ের মধ্যে সন্দেহভাজনদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়াই ছিল তাঁদের মূল লক্ষ্য। ধৃতদের অধিকাংশই অবাঙালি বলে পুলিশ জানিয়েছে। মন্দির চত্বরে পুজো দিতে আসা বহু পুণ্যার্থী পকেটমারি ও চেন চুরির অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ক্যাম্পগুলোতে তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানিয়েছেন, পকেটমারি, বিশৃঙ্খলা সৃষ্টি এবং ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পেশ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির চত্বরে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *